৬ মিনিট ২৩ সেকেন্ডের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব জায়গা থেকে


২০২৭ সালের ২ আগস্ট আকাশে দেখা যাবে শতাব্দীর বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে মিসরে পূর্ণগ্রাস প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে। তুলনায় ২০২৬ সালের সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল ২ মিনিট ১৮ সেকেন্ড। এটি ২১১৪ সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছে ইউরোনিউজ।
তবে এই বিরল দৃশ্য দেখতে মিসর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। পূর্ণগ্রাসের পথ ইউরোপের জিব্রাল্টার প্রণালি পেরিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যাবে।
স্পেনে মারবেলায় পূর্ণগ্রাস থাকবে ৩ মিনিট ২১ সেকেন্ড এবং কাডিজে ২ মিনিট ৫৬ সেকেন্ড। উত্তর আফ্রিকার উপকূলে স্পেনের অধীন সেউতা ও মেলিয়ায় পূর্ণগ্রাস দেখা যাবে যথাক্রমে ৪ মিনিট ৪৯ সেকেন্ড ও ৪ মিনিট ৩৪ সেকেন্ড।
ব্রিটিশ ওভারসিজ টেরিটরি জিব্রাল্টারে পূর্ণগ্রাস স্থায়ী হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড। ইতালির লামপেদুসায় দেখা যাবে ২ মিনিট ৫৬ সেকেন্ডের পূর্ণগ্রাস।
উত্তর আফ্রিকার মরক্কোর টাঙ্গিয়ারে পূর্ণগ্রাস থাকবে ৪ মিনিট ৫১ সেকেন্ড। তিউনিসিয়ার কয়েকটি শহরও থাকবে পূর্ণগ্রাসের পথে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সাফাক্সে গ্রহণের স্থায়িত্ব হবে ২ মিনিট ৫৬ সেকেন্ড।
সৌদি আরবের জেদ্দায় পূর্ণগ্রাস দেখা যাবে ৫ মিনিট ৫৩ সেকেন্ড এবং মক্কায় ৫ মিনিট ১০ সেকেন্ড।
এত বড় সময়ের পূর্ণগ্রাস দেখতে ইতোমধ্যেই পর্যটকদের আগ্রহ বাড়ছে। ফলে এসব এলাকার অনেক হোটেল আগেভাগেই বুক হয়ে যাচ্ছে এবং অবশিষ্ট থাকার জায়গাগুলোর দামও বেড়ে গেছে।
তীব্র গরম নিয়ে যারা চিন্তিত, তাদের জন্যও কিছুটা স্বস্তির খবর রয়েছে। নাসার গ্রহণবিষয়ক বিজ্ঞানী কেলি কোরেকের মতে, পূর্ণগ্রাসের সময় কোনো কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
২০২৭ সালের পরও সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকছে। ২০২৮ সালের ২৬ জানুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আর ২২ জুলাই ২০২৮ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
সূত্র: ইউরোনিউজ



