ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে হাসপাতালে সাবেক ছাত্রলীগ নেতার খাবার বিতরণ, অনুমতি নিয়ে প্রশ্ন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান সিজানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, ময়মনসিংহ জেলা আ.লীগের উপদেষ্টা, ঈশ্বরগঞ্জ উপজেলা আ.লীগের ১নং সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন শতাধিক রোগীর হাতে খাবার তুলে দেওয়া হয়।

মুঠোফোনে আলাপকালে মো. ইমরান হাসান সিজান বলেন, “রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাই। প্রতিকূলতা যতই থাকুক, মানুষের পাশে থেকে আমাদের আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে।”

খাবার বিতরণের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না এবং কর্মসূচিটি তারা কীভাবে দেখছে—এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। হাসপাতালের অন্য কোনো সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, “বিশেষ দিনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা রুখতে আমরা মাঠে কাজ করছি। সরকারি প্রতিষ্ঠানে এমন খাবার বিতরণের বিষয়ে আমি অবগত নই। স্বাস্থ্য কর্মকর্তা মহোদয়ও আমাকে কিছু জানাননি।”

এই বিভাগের আরও সংবাদ