পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম জোরদারে সভা


ইসমাইল হোসেন,পোরশা: নওগাঁর পোরশা উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্রী কনক চন্দ্র রায় এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭’-এ ছাত্রছাত্রী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, প্রতিযোগিতাটি সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রচার কার্যক্রম জোরদার করা এবং অধিকসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য খেলোয়াড়দের নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা বজায় রেখে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়া চর্চার প্রসার, মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা এবং উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশের ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



