পুলিশ হেফাজতে বৈশাখী টিভির ডিএমডি


বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলমকে হেফাজতে নিয়েছে বনানী থানা–পুলিশ।
জানা গেছে প্রতিষ্ঠানের এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হাঙ্গামা–হট্টগোল হয়। বহিরাগতরা টেলিভিশনটির কার্যালয়ে ঢুকে ডিএমডি টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
বৈশাখী টেলিভিশনের একটি সূত্র জানায়, অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এই ঘটনার পর প্রতিষ্ঠানটির ডিএমডি টিপু আলমকে হেফাজতে নেয় বনানী থানা–পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ‘ওই অফিসে অজ্ঞাত বহিরাগত লোকজন গিয়ে বিশৃঙ্খলা করছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নিয়েছি।’
ওসি বলেন, ডিএমডি টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলা রয়েছে। কোতোয়ালি থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে আলোচনা হচ্ছে। ওই থানার কর্মকর্তারা এসেছেন।
এদিকে ঘটনার সময় টেলিভিশনটির ফেসবুক থেকে লাইভে এসে একজন বলছিলেন, একদল লোক এসে বৈশাখী চ্যানেলের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করছে। ভবনটির নিচে জড়ো হওয়া লোকজনকে দেখিয়ে বলছিলেন, তারা নিউজরুমে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
টেলিভিশনটিতে কর্মরত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে বেলা দুইটার দিকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম। এর জেরেই নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের ডেকে আনেন। এরপর তারা ডিএমডিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সঙ্গে হট্টগোল ও বিশৃঙ্খলা হয়। এ সময় প্রধান ফটকের বাইরে আরও লোকজন জড়ো হওয়ায় টেলিভিশনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এরপর বনানী থানার পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ান বলেন, ‘একটি ফটোকার্ড প্রচার করা নিয়ে তার (ডিএমডি) সঙ্গে আমার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তিনি আমাকে চাকরি ছেড়ে দিতে বলেন। এরপর আমি স্যালারি বুঝিয়ে দিতে বললে তিনি মানবসম্পদ বিভাগে (এইচআর) যেতে বলেন। আমি সেখানে গেলে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন দায়িত্বরত কর্মকর্তা। এরপর ওই কর্মকর্তা ডিএমডির রুম থেকে ফিরে আমাকে বহিরাগতদের বিশৃঙ্খলার কথা জানান।’





