ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে মোমিন মিয়া (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরপাড়া শ্রীনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন মিয়া ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন। আহতরা হলেন— একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) এবং মৃত মোসলেম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত মোমিন মিয়া ধান খেতে কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে তিনি ও আরও দুই পথচারী পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ তীব্র বজ্রপাতে পাশে থাকা দুজন ছিটকে দূরে পড়ে যান এবং ঘটনাস্থলেই মোমিন মিয়া মারা যান।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমিন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে অন্যজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, “বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ