সিরাজগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস মজুত, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ এলপিজি গ্যাসের বাজারে অনিয়ম ঠেকাতে সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে লাইসেন্সবিহীনভাবে গ্যাস মজুত, অতিরিক্ত দামে বিক্রি এবং ব্যবসায়িক প্রয়োজনীয় কাগজপত্র না রাখার মতো অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত এ অভিযানে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দফায় মেসার্স ছোয়া স্টোরে তদারকি করতে গিয়ে একাধিক অনিয়মের সন্ধান পান কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির মালিক বাবলু কুমার তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মেসার্স নাফিউ অ্যান্ড সজীব ট্রেডার্সেও একই ধরনের অনিয়মের দায়ে মালিক ইয়াসিন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি, অনুমোদিত বিস্ফোরক লাইসেন্স ছাড়া সিলিন্ডার মজুত এবং মূল্যতালিকা ও ক্রয় রশিদ না রাখার অভিযোগ পাওয়া গেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, ব্যবসায়িক অনিয়মের পাশাপাশি এলপিজি সিলিন্ডার সংরক্ষণে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাধারণ ভোক্তাদের স্বার্থ ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
অভিযান পরিচালনার সময় এসআরবি সদস্যদের পাশাপাশি স্থানীয় পুলিশের একটি দল উপস্থিত ছিল।





