নান্দাইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১-৭ আগষ্ট)-২০২৬ উদযাপিত হয়েছে। ”জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা আগষ্ট শনিবার এ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালীর আয়োজনে ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে এবং নান্দাইল এডিপি, ওর্য়াল্ড ভিশন, বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও রেলিতে অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ,ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এডিপি’র প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ,সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, স্যানিটারী ইন্সপেক্টর, মেডিকেল টেকনোলজিস্ট,এসএসিএমও,ফার্মাসিস্ট, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আনসার বাহিনীর সদস্যসহ অত্র কার্যালয়ের কর্মকর্তা -কর্মচারীগণ।
সভাপতির বক্তব্যে ডাঃ শামীমা সুলতানা এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের বার্তাসমূহ ব্যাপকভাবে প্রচার করে জনসচেতনতা বৃদ্ধির জন্য সবার প্রতি আহবান জানান। এ সময় তিনি বলেন, শিশু জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব (সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে) মায়ের দুধ (শাল দুধ) পান করানো শুরু করুন, শিশু জন্মের পর প্রথম ৬ মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করান। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে পুষ্টিকর ও নিরাপদ পারিবারিক খাবার খাওয়ান এবং ২ বছর পর্যন্ত বুকের দুধ চালিয়ে যান। কর্মস্থলে এবং যাত্রাপথে শিশুকে মায়ের দুধ পান করানোর উপযুক্ত পরিবেশ নিশ্চিত করুন। মায়ের দুধ পানের জন্য বাবা ও পরিবারের অন্যান্য সদস্যগণ যথাযথ ভূমিকা পালন করুন। দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিশুর সুস্থতা নিশ্চিত করার জন্য যথাযথভাবে মায়ের বুকের দুধ পান করান।
আয়োজনে সকলের অংশগ্রহণে একটি রেলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন এবং এতে শিশুদের মাতৃদুগ্ধ পানের গুরুত্ব নিয়ে নানান স্লোগানে সাধারণ জনগণের সচেতনতা আকর্ষণ করেন।



