মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ এবং পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

অভিযানকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালি এলাকায় অবস্থিত নাজমা বেকারি-র কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, অপরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, কীটপতঙ্গ দমনের কার্যকর ব্যবস্থা না থাকা, সব পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না করা, মেঝেতে খাদ্যপণ্য রাখা, খাদ্য উৎপাদনস্থলের পাশেই টয়লেট থাকা, উৎপাদন এলাকায় বিড়ালের বিচরণ এবং টয়লেটে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা।

এসব অপরাধের দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নাজমা বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরসহ আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ