ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষক সৈয়দ বজলে রব-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আনন্দ-কান্না আর নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ বজলে রব (কামাল)-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২২ বছর এই বিদ্যালয়ে অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন শেষে তাঁর এই বিদায়লগ্নে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার পারভেজ পিন্টু-এর প্রাণবন্ত ও আবেগপূর্ণ স্বাগত বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠানটির মূল কার্যক্রম শুরু হয়। এরপর বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবন ও অবদান তুলে ধরে মানপত্র পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রিয় শিক্ষকের বিদায়বেলায় সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা পরম শ্রদ্ধায় তাঁর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
বিদায় উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম মোসলেম উদ্দিন ও কামরুল ইসলাম, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব এবং ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ বজলে রব (কামাল) তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে শুধু পাঠদানই করেননি, বরং শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও আদর্শের বীজ বুনে দিয়েছেন। বিশেষ করে এই বিদ্যালয়ে দীর্ঘ ২২ বছর তাঁর অবিস্মরণীয় অবদান এলাকার শিক্ষাঙ্গনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে প্রিয় এই শিক্ষককে শেষবারের মতো সম্মান ও ভালোবাসায় বিদায় জানাতে একটি বর্ণাঢ্য গাড়িবহড় প্রস্তুত ছিলো, পরে তাঁকে তাঁর গন্তব্যে পৌঁছে দেয়া হয়।



