ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভেসে এল খালি কফিন, এলাকাজুড়ে আতঙ্ক

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে একটি খালি কফিন ভেসে আসাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও রহস্য। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (টানমলামারি) গ্রামের বাসিন্দারা নদী থেকে ভেসে আসা কফিনটি দেখতে পান।

ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় আব্দুল আউয়াল নামের এক ব্যক্তি কৌতূহলবশত কফিনটি নদী থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। তবে ভেতরটি সম্পূর্ণ খালি দেখে এলাকাবাসীর পরামর্শে পরবর্তীতে তিনি সেটি পুনরায় নদীতে ভাসিয়ে দেন।

এই অদ্ভুত ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনের ধারণা, উজানের ময়মনসিংহ বা জামালপুর অঞ্চল থেকে তীব্র স্রোতে কফিনটি ভেসে আসতে পারে। তিনি আরও অনুমান করছেন, বন্যার মতো কোনো দুর্যোগে প্রিয়জনকে হারিয়ে মরদেহ দাফন করতে না পেরে হয়তো কোনো পরিবার কফিনে ভরে ভাসিয়ে দিয়েছিল, যা স্রোতের তোড়ে কফিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এটি কেবলই একটি ধারণা।

কফিনের ভেতরে মরদেহ পাওয়ার আশঙ্কায় প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, সেটি খালি থাকায় বড় কোনো অঘটন ঘটেনি। তবুও উৎসুক জনতা কফিনটি দেখার জন্য ভিড় জমান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, এ ঘটনাটি নিয়ে কেউ থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তথ্য দেয়নি। তবে তিনিও খালি কফিনটি ভেসে আসার বিষয়টি লোকমুখে শুনেছেন এবং এটি পরবর্তীতে আবার নদীতে চলে গেছে বলে অবগত হয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ