ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ও স্থানীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এই সহায়তা সামগ্রী প্রদান করা হয়।
সোমবার (২০ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। প্রধান অতিথির হাত থেকে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল গ্রহণ করেন উপকারভোগীরা।
উপহার সামগ্রী বিতরণকালে ইউএনও সানজিদা রহমান বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্বাবলম্বী করে তোলা এবং দৈনন্দিন জীবনের কষ্ট লাঘব করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তমালিকা কর্মকার, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. শরিফ আহমেদ, থেরাপি সহকারী মো. নাসির উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সহায়তার আওতায় নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে।
এমন মানবিক উদ্যোগে খুশি সুবিধাভোগীরা। হুইল চেয়ার ও ট্রাইসাইকেল পেয়ে তাদের চোখে-মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে।



