শ্রীনগরে ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় সংঘর্ষ, খেলোয়াড়সহ আহত ১০


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় সংঘর্ষের ঘটনায় খেলোয়াড়সহ অন্তত ১০ জন আহত হয়েছে। গত শনিবার ৬টার দিকে উপজেলার শ্রীনগর স্টেডিয়ামে খেলা চলাকালীন সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল শ্যামসিদ্ধি ইউনিয়নের ‘শ্যামসিদ্ধি রয়েলস’ বনান কুকুটিয়া ইউনিয়নের ‘কুকুটিয়া ওয়ারিয়র্স এর মধ্যে।
প্রত্যক্ষদর্শী ও আয়োজক কমিটির সূত্রে জানা যায়, খেলার শেষের দিকে শ্যামসিদ্ধি রয়েরসের এক খেলোয়াড় কুকুটিয়া ওয়ারিয়র্সের এক খেলোয়াড়ে জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।অভিযোগ উঠেছে এ সময় শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক ইয়ামিনের নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি মাঠে নেমে কুকুটিয়া ওয়ারিয়র্সের কেলোয়াড়দের ওপর হামলা চালায়।
এতে কুকুটিয়া ইউনিয়ন ফুটবল দলের মঈনুল, রায়হান, রিসান, অভি, সমিত নামে ৫ জন খেলোয়াড়সহ প্রায় ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশপাশের অন্যান্য ক্লিনিকে ভর্তি করেন। অপরদিকে এই হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনেককেই সামাকিজ যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করতে দেখা গেছে।
কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর আলম ঘটনার সুষ্ঠু তদন্ত ও জরিতদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা বিএনপির প্রতি আহবান করেন। শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমরা যেতে যেতেই সেখানে মারামারি শেষ হয়ে যায়। পরে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়ে ঢাকায় চলে এসেছি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা বলেন, খেলায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা হয়েছে বলে জানতে পেরে পেরেছি। তবে এঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



