আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় আত্রাই থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে তিন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ানন্দপাড়া গ্রামের মৃত এছাহার প্রামানিকের ছেলে মো. সাজেদুল ইসলাম (১৮), আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়ার শাহাবুদ্দিন আহমেদ- এর ছেলে মো. সাকিব হোসেন (২১) এবং পাঁচপাকিয়া গ্রামের মো. আসলাম আলীর ছেলে মো. রায়হান আলী (২৫)।
আত্রাই থানার (ওসি) মো. মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় থানা এলাকায় পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় আত্রাই থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, আগামী দিনগুলিতে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আরও কঠোর ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তবে সমাজ থেকে এই ব্যাধি দূর করতে শুধু পুলিশি অভিযানই যথেষ্ট নয়, আত্রাই এলাকার সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচা বা সেবনের তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানাচ্ছি।
অভিযান ও সাজা প্রদানের বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজ তথা যুব সমাজকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। আমরা আত্রাই উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে নিয়মিত কাজ করে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে হাতেনাতে তিন মাদকসেবীকে আটক করা হয় এবং আইন অনুযায়ী তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এবং জনস্বার্থে আমাদের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা নিজেদের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ২১ দিনের কারাদণ্ড এবং জরিমানা করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং তরুণ সমাজকে রক্ষায় আত্রাই থানা এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



