খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৬ জুন শুক্রবার সকাল ৮ টা ৪৫ মিনিটে “মাদকমুক্ত সমাজ গঠনে সবাই মিলে এগিয়ে আসি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে শহীদ হাদিসপার্ক প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
উক্ত র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা মহোদয়!
বিশেষ অতিথির বক্তব্যে, অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন তখনই সার্থক ও অর্থবহ হবে, যখন এর মূল বার্তা আমরা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে সক্ষম হবো! মাদক প্রতিরোধে কেবল একটি দিবস পালনই যথেষ্ট নয়; বরং বছরজুড়েই সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কোনো মানুষ জন্মগতভাবে মাদকাসক্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। পারিবারিক অবহেলা, অসচেতনতা, খারাপ সঙ্গ ও সামাজিক পরিবেশের প্রভাবে অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে কি না, কার সঙ্গে চলাফেরা করছে এবং তার কর্মকাণ্ড কী, এসব বিষয়ে পরিবারের সার্বক্ষণিক নজর রাখা একান্ত প্রয়োজন। ঠিক একইভাবে সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; তারা মোবাইলের মাধ্যমে কী দেখছে এবং কী শিখছে, সেদিকেও অভিভাবকদের খেয়াল ও সর্বদা সচেতন থাকতে হবে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আবদারের প্রেক্ষিতে তাদেরকে দামী মোটরসাইকেল কিনে দেওয়ার আগে, তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধব সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।
অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা।
এসময় উপস্থিত ছিলেন শেখ জয়নুদ্দীন, পিপিএম সেবা, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ, সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), খুলনা, ডা: মোছাঃ মাহফুজা খাতুন, সিভিল সার্জন, খুলনা, মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা, মোঃ হাসানুর রহমান অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় খুলনা এবং খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দ।



