বাগেরহাট

বাগেরহাটে অনুষ্ঠিত হলো ‘উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা

সাগর মন্ডল স্টাফ রিপোর্টার: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা-২০২৬’। বুধবার (২৪ জুন) “আমাদের উপকূল, আমাদের দায়িত্ব” প্রতিপাদ্যে এ মেলার আয়োজন করে নারী কণ্ঠ যুব উন্নয়ন সংস্থা। আয়োজনে সহযোগিতা করে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)।

মেলায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুন্দরবন সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনচর্চা বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। এতে শিক্ষার্থী, তরুণ-তরুণী, নারী, কৃষক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন নারী কণ্ঠ যুব উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি নজরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক শেখ মুজাফফর হোসেন।

মেলায় জীবন্ত জলবায়ু মানচিত্র, সমাধান ল্যাব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘জলবায়ুর গল্প বলি’, ‘প্লাস্টিক দিন, গাছ নিন’ এবং ‘আমাদের ভবিষ্যৎ দেয়াল’সহ বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণকারীরা স্থানীয় জলবায়ু ঝুঁকি, নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, পানির সংকট এবং জীবিকার পরিবর্তন নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সম্ভাব্য সমাধানের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌসী বলেন, আমরা উপকূলে বসবাস করি, উপকূল আমাদের সম্পদ। এই সম্পদকে টিকিয়ে রাখতে হলে সুন্দরবনকে রক্ষা করতে হবে। উপকূলের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি গাজী জাহাঙ্গীর আলম বলেন, আমাদের বিদ্যালয়ে প্রথমবারের মতো এমন সচেতনতামূলক আয়োজন হলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা এবং প্লাস্টিক দূষণ রোধে আরও সচেতন ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ, তরুণদের নেতৃত্ব এবং পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত জরুরি। সুন্দরবন রক্ষা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ