খেলাধুলা

শারীরিক সীমাবদ্ধতাকে হার মানিয়ে অলিম্পিকে স্বর্ণপদকের স্বপ্নে নয়ন

বিজয় কুমার, কুবি প্রতিনিধি: সমাজ যাদের ’অক্ষম’ বলে অবজ্ঞার সাথে ঘরের কোণে বসিয়ে রাখতে চায়, তারাই মাঝে মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় ইতিহাস বদলাতে, নতুন করে ইতিহাস জন্ম দিতে, ইতিহাসের পাতায় সাক্ষী হতে। শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখানো এমনই এক অদম্য তরুণের নাম নয়ন অধিকারী।

জন্মের পর থেকে ডান হাতের সঙ্গ ছাড়াই কাটিয়ে চলেছেন জীবনের স্বর্ণালি সময়। কিন্তু তাতে স্বপ্ন দেখা কিংবা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া থেকে থাকেনি একটু চিলতেও। বাঁ হাতের শক্তিতে আর মনের অদম্য জোরে তিনি এখন দেশের জাতীয় প্যারা ব্যাডমিন্টন দলের অন্যতম ভরসা। শুধু ব্যাডমিন্টনই নয়, ক্রিকেটেও সমান পারদর্শী নয়ন। খেলছেন বিসিবির ডিজেবল ক্রিকেট টিমে অলরাউন্ডার হিসেবে।

নয়ন পড়াশোনা করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষে। ঢাকা শহরের গলিতে বাবার সাথে ব্যাডমিন্টন খেলার যে আনন্দময় শৈশব শুরু হয়েছিল, তা আজ রূপ নিয়েছে পেশাদার খেলোয়াড়ি জীবনে। এশিয়ান প্যারা গেমসে পদকজয়ী ভারতীয় খেলোয়াড় পলক কোহলির খেলা দেখে তার ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। পলক কোহলিও ছিলেন তার মতো একটি হাত ছাড়া।

বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে অধ্যয়নকালীন উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে তিনি একজন শিক্ষকের নজরে আসেন। পরে তাকে জাতীয় প্যারা ব্যাডমিন্টন দলে খেলার জন্য চেষ্টা করার পরামর্শ দেন এবং তিনি কোচ এনায়েত উল্লাহ খানের তত্ত্বাবধানে আসেন। বাংলাদেশের জাতীয় প্যারা অলিম্পিক কমিটি ও প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সাবেক এই কোচ নয়নের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সামনে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেইমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। পড়ালেখা ও পারিপার্শ্বিক সব কিছু সামলে ২০২৮ সালের প্যারা অলিম্পিক খেলতে না পারলেও ২০৩২ সালে অস্ট্রেলিয়ার বিসবনে আয়োজিত প্যারা অলিম্পিকে প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক অর্জন করতে চান তিনি। স্বপ্ন জয়ের চেষ্টায় কুমিল্লা ব্যাডমিন্টন একাডেমিতে সপ্তাহে নিয়মিত বিরতিতে অনুশীলন করছেন নয়ন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নিয়মিত থাকেন প্রশিক্ষণে।

ইতোমধ্যেই, নয়ন ২০২৫ সালে জাতীয় প্যারা ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশীপ এবং ২০২৬ সালে অনুষ্ঠিত প্রথম বাংলাদেশ প্যারা গেইমসের ব্যাডমিন্টন ইভেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়াও বিভিন্ন ক্লাবের হয়ে বেশ কয়েকটি টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করেছেন নয়ন।

পরিবার ও পারিপার্শ্বিক ভূমিকার ব্যাপার জানতে চাইলে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের মাধ্যমে ছোটোবেলা থেকেই আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা পেয়েছেন নয়ন এবং বন্ধুবান্ধবদের থেকেও পেয়েছেন অকৃত্রিম ভাবোবাসা।

তার ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে তিনি খুবই আত্মবিশ্বাসী। নিজেকে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এবং হাজার হাজার তরুণদের অনুপ্রেরণা জোগাতে একজন মোটিভেশনাল স্পিকার হতে চান তিনি।

নয়ন অধিকারী বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা একটি শব্দ মাত্র, এটি কোনো বাধা নয়। স্টিফেন হকিংয়ের দিকে তাকালেই আমরা তার প্রমাণ পাই। ইচ্ছা, প্রবল শক্তি ও পরিশ্রম থাকলে যে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে।”

শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার নির্মম বাস্তবতায় মুখোমুখি হয়ে অনেকেই জীবনের গতিপথ হারিয়ে ফেলেন। সমাজের অবহেলা ও পরনির্ভরশীলতার ভয় আর চারপাশের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে একসময় তাঁরা গুটিয়ে নেন নিজেদের। চিরতরে সমাহিত করেন বুকের ভেতর লালন করা রঙিন স্বপ্নগুলোকে। কিন্তু এই চেনা স্রোতের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়ানো এক ব্যতিক্রমী ও অদম্য যোদ্ধার নাম নয়ন অধিকারী। নিজের অপ্রাপ্তিকে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে চলা এই তরুণ আজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি ঘরের কোণে লুকিয়ে থাকা হাজারো সুপ্ত প্রতিভার প্রতিনিধি।

এই বিভাগের আরও সংবাদ