খেলাধুলা

বিশ্বকাপ মাতিয়ে এবার ব্যালন ডি’অরের মনোনয়ন পেলেন ভোজিনিয়া

বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের ইতিহাস গড়ার অভিযানে অন্যতম বড় নায়ক ছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের সেই স্বীকৃতি এবার মিলল ব্যালন ডি’অরের মঞ্চেও। ২০২৬ সালের পুরুষদের সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফির জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। এটি তার প্রথম মনোনয়ন।

বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে ভোজিনিয়ার পারফরম্যান্স ছিল নজরকাড়া। চার ম্যাচে ১৮টি সেভ করে তিনি দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে সাতটি সেভ করে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছিলেন তিনি।

ইয়াশিন ট্রফির এবারের তালিকায় ভোজিনহার সঙ্গে আছেন বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত গোলরক্ষকেরাও। তালিকায় জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, আল-হিলালের ইয়াসিন বুনু, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, আর্সেনালের দাভিদ রায়া, স্পেনের উনাই সিমোন, বার্সেলোনার হোয়ান গার্সিয়া, ডর্টমুন্ডের গ্রেগর কোবেল, আল-আহলির এদুয়ার্দ মেন্দি ও পিএসজির মাতেভেই সাফোনোভ।

গতবারের ইয়াশিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা এবার ১০ জনের তালিকায় নেই। অন্যদিকে বিশ্বকাপজয়ী স্পেনের তিন গোলরক্ষক হোয়ান গার্সিয়া, দাভিদ রায়া ও উনাই সিমোন মনোনয়ন পেয়েছেন। রায়ার ক্ষেত্রে আর্সেনালের হয়ে দারুণ মৌসুম এবং প্রিমিয়ার লিগ জয়ের অবদানও বিবেচনায় এসেছে।

পুরুষদের সেরা গোলরক্ষকের এই পুরস্কারের জন্য মনোনীত ১০ জন হলেন:

ইয়াসিন বুনু (আল-হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা/চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল-আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও/স্পেন) ও ভোজিনিয়া (জিডি শাভেস/কোলো-কোলো/কেপ ভার্দে)।

কেপ ভার্দের ফুটবলের জন্য ভোজিনিয়ার এই মনোনয়ন তাই বিশেষ তাৎপর্যের। ব্যালন ডি’অরের ইতিহাসে কোনো পুরস্কারের জন্য মনোনীত হওয়া দেশটির প্রথম খেলোয়াড়ও তিনি।

এই বিভাগের আরও সংবাদ