নওগাঁ

নওগাঁয় ব্রীজমোড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার পারনিন্দইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭:৩০ মিনিটে ব্রীজমোড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ দেওয়ান মোস্তাক রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলকাফি তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত এবং সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান (সাবু)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলিহার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম রসুল ফিটো। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ দেওয়ান মোস্তাক রাজা বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি যুবসমাজকে নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপক পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দিনব্যাপী প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও সংবাদ