জিয়ার শাহাদৎ বার্ষিকীতে নওগাঁয় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের হাট-নওগাঁ এলাকার জান্নাতুন বাকী কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম রওশন, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, মো. ময়নুল হক লিটনসহ জেলা, পৌর ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
পরে এতিমখানার শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ এতিম শিশুদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।
আয়োজকরা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং মানবিক মূল্যবোধকে এগিয়ে নিতে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।



