হিজলায় ঝড়ের কবলে পড়ে চালসহ যাত্রীবাহী নৌকা ডুবি, ৩ জন নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে আটজন যাত্রী ও ৫০০ কেজি জেলে কার্ডের চালসহ একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একই পরিবারের বাবা-ছেলেসহ ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার ২৫ মে বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটের সময় হিজলা ফেরিঘাট সংলগ্ন মেঘনার শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে। মোঃ নুর ইসলাম জোমাদ্দার (৪৫), পিতা- মৃত জাফর জোমাদ্দার। মোঃ ইব্রাহিম (১২), পিতা- মোঃ নুর ইসলাম জোমাদ্দার (নুর ইসলামের ছেলে)। মোঃ হারুন বিশ্বাস (৪৫), পিতা- মৃত হামিদ বিশ্বাস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে আলীগঞ্জ খেয়াঘাট থেকে জেলে কার্ডের সরকারি চাল নিয়ে নৌকাটি ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে চালের পাশাপাশি আটজন যাত্রী ছিলেন। পথিমধ্যে নৌকাটি হিজলা থানাধীন হিজলা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে পৌঁছালে হঠাৎ আকস্মিক ঝড়ের কবলে পড়ে।
বাতাসের তীব্রতা ও ঢেউয়ের তোড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ কেজি চালসহ নদীতে ডুবে যায়। নৌকাটি ডুবে যাওয়ার পরপরই কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে আসেন। তারা তাৎক্ষণিকভাবে নদী থেকে ৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে নিজেদের নৌকায় তুলে নিতে সক্ষম হলেও ৩ জন নিখোঁজ হয়ে যান। ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হিজলা থানা পুলিশ, হিজলা নৌ পুলিশ এবং হিজলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। সর্বশেষ পরিস্থিতি: নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিস, থানা ও নৌ পুলিশ স্থানীয়দের সহায়তায় নদীতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ৩ জনের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের পরিবারে এখন চলছে শোকের মাতম।



