Uncategorized

কলকাতায় যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় কলকাতার নিউটাউনের একটি হোটেলে (ফেয়ারফিল্ড ম্যারিয়ট) দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে বসেন।

এই বৈঠকে যোগ দিতে বুধবারই কলকাতায় এসে পৌঁছয় বাংলাদেশের ছয় সদস্যের এক প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মহম্মদ আনোয়ার কাদীর।

ভারতের তরফে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রের পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের একজন প্রধান প্রকৌশলী।

গতকাল বৃহষ্পতিবার ফারাক্কা বাঁধ ও গঙ্গা নদীর পানি প্রবাহ পরিদর্শন করে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা। ফারাক্কায় গঙ্গা নদীতে ভারত-বাংলাদেশ ‘জয়েন্ট অবজারভেশন সাইট’এ গিয়ে পানি প্রবাহের বিষয়টি খতিয়ে দেখেন। গঙ্গা থেকে ফিরে এসে ফিডার ক্যানেলে ব্যারেজ সংলগ্ন স্টলেও পর্যবেক্ষণ চালান উভয় দেশের প্রতিনিধিরা।

শুক্রবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে বাংলাদেশের প্রতিনিধি দলটি দুপুরে এসে পৌঁছয় কলকাতায়।

যৌথ নদী কমিশনের এবারের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গঙ্গা পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরন ইস্যু। ১৯৯৬ সালে হওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। তার আগে এটাই সর্বশেষ যৌথ নদী কমিশনের বৈঠক।

এই বিভাগের আরও সংবাদ