কটিয়াদীতে সাড়ে ৪ হাজার পরিবারে ভিজিএফের চাল বিতরণ


সোহাগ মিয়া, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ হাজার ৫৩৯টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দের মোট ৪৫ দশমিক ৩৯ মেট্রিক টন চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯টি ওয়ার্ডের কার্ডধারীদের হাতে জনপ্রতি ১০ কেজি করে চাল তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুহম্মদ আশরাফুল ইসলাম, সাংবাদিক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. নাজমুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের ঈদ আনন্দ ভাগ করে নিতেই এই চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব উপকারভোগীর কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।



