কটিয়াদীতে জমি বিরোধের জেরে ভাতিজাকে কুপিয়ে হত্যা, চাচা পলাতক


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও পারিবারিক কলহের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের পূর্বচড় পাড়তলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা মহরম আলী (৫০) পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আনোয়ার হোসেনের পরিবারের সাথে তার আপন চাচা মহরম আলীর দীর্ঘদিন ধরে জমিজমা ও সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে নতুন করে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চাচা মহরম আলী চরম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র এনে ভাতিজা আনোয়ারকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এ সময় আনোয়ারের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে মহরম আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর ঘটনা ও নতুন করে উত্তেজনা এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরই পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত মহরম আলীকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”



