কটিয়াদীতে বিষাক্ত ধোঁয়া ছড়ানোর দায়ে ব্যাটারি কারখানাকে দণ্ড


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে পরিবেশ দূষণের দায়ে ‘কেজি এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যাটারি তৈরির কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানটি ক্ষতিকর বর্জ্য ও বিষাক্ত ধোঁয়া নির্গমনের মাধ্যমে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা প্রসিকিউশন পরিচালনা করেন। তিনি জানান, কারখানাটির কার্যক্রমের ফলে পার্শ্ববর্তী এলাকায় নেতিবাচক প্রভাব পড়ার প্রমাণ মিলেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা গণমাধ্যমকে জানান, “জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। ক্ষতিকর ও অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



