ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন, রাতে বিয়ের অনুষ্ঠান


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ আজ বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ সন্ধ্যা ৭ টার পর বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক, শিক্ষার্থী, ডাকসু ও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।
সাদিকের হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে।
ডাকাসু সূত্র জানায়, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।
বিয়েকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম। এদিকে বিয়ের কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ডাকসুর নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।



