কটিয়াদীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলা সরকারি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলীজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কনক কান্তি দেবনাথ।
খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ১৪১৯ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৩ হাজার ৫১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ধান ও চাল সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।



