কটিয়াদীতে কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি ও সনদ বিতরণ


সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। আজ শনিবার কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।
কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে এবং সমিতির সহসভাপতি আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, এডভোকেট রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান এবং আখতারুজ্জামান মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আমিনুল ইসলাম, অভিভাবক জনি সাহা ও এমদাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। কিন্ডারগার্টেনগুলো তৃণমূল পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পরে অতিথিবৃন্দ কটিয়াদী উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের মেধাতালিকায় স্থান পাওয়া ৪৩ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সার্টিফিকেট তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এসময় উপস্থিত ছিলেন।



