টিকাদান ক্যাম্পেইন সফলে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা


মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার জনস্বাস্থ্য সুরক্ষায় ও শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভাটি আয়োজিত হয়।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), UNICEF, PATH ও Gavi-এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ক্যাম্পেইনটি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন জনাব ডা. কামরুল জমাদ্দার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



