কুষ্টিয়া

কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় ডিসি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) তৌহিদ বিন-হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তোমাদের মনে রাখতে হবে এস এস সি পরীক্ষা শুধু একটি পরীক্ষাই নয়, এটি তোমাদের জীবনের প্রথম বড় চ্যালেঞ্জ। এই পরীক্ষার মাধ্যমে তোমরা শিখবে কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়, পরিশ্রম করতে হয় এবং নিজের উপর বিশ্বাস রাখতে হয়। মনে রেখো, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না।

তিনি এস এস সি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, পরীক্ষাকে সামনে রেখে নিয়মিত পড়াশোনা করো এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করো। তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তোমাদের সাফল্যের মধ্য দিয়েই এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ। দেশ গড়ার দায়িত্ব তোমাদের ওপরই বর্তাবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কয়েকজন অনুভূতি প্রকাশে বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। বিদায়ী শিক্ষার্থীরা বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য আনন্দের এবং বেদনার। দীর্ঘদিনের প্রিয় এই বিদ্যালয়, প্রিয় শিক্ষক এবং বন্ধুদের ছেড়ে যেতে মন চাচ্ছে না, তবুও যেতে হবে। শিক্ষকদের উদ্দেশ্য বিদায়ীরা বলেন, আপনাদের ধৈর্য, ভালোবাসা এবং দিকনির্দেশনা ছাড়া আমরা কখনোই আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম না। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা এস এস সি পরীক্ষার পথে যাত্রা শুরু করতে যাচ্ছি। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখব।

শেষে শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।পুরো আয়োজনটি একদিকে যেমন আনন্দময় ছিল, অন্যদিকে বিদায়ের বেদনায় ছিল ভারাক্রান্ত। বিদায় মূহুর্তে পরীক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন।

উল্লেখ্য, এস এস সি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতেই এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ