ভোলা

ভোলায় ৬০ বেডের বিপরীতে আড়াইশ শিশু ভর্তি

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলায় হামের উপসর্গ নিয়ে ২৯ জন শিশু ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা দুটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

একই সঙ্গে ভর্তি রোগীদের মধ্যে ১৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তবে হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনদের অভিযোগ, গত দুই দিন ধরে আক্রান্ত শিশুদের অবস্থা আশঙ্কাজনক হলেও আইসোলেশন ইউনিটে যথাযথ চিকিৎসাসেবা মিলছে না। তাঁদের দাবি, ইউনিটগুলোতে নিয়মিত চিকিৎসক দেখা যায় না, এমনকি পরিচ্ছন্নতাকর্মীর উপস্থিতিও নেই। এতে স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

৪ এপ্রিল দুপুরে ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, আইসোলেশন ইউনিটে এক শয্যায় দুইজন রোগী রাখা হচ্ছে, অনেককে মেঝেতেও থাকতে হচ্ছে। সীমিত জায়গায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। স্বজনদের অভিযোগ কোনো সিনিয়র ডাক্তার আসেন না, নার্সরা এসে দেখে চলে যান।

হাসপাতালে ভর্তি একাধিক রোগীর স্বজন জানান, শিশু ওয়ার্ডে থাকা একজন চিকিৎসকের পক্ষে আড়াই শতাধিক রোগী দেখা সম্ভব নয়। তাঁদের দাবি, দ্রুত হাসপাতালে চিকিৎসকসংখ্যা বাড়ানো প্রয়োজন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আরাফাত রহমান জানান, হাসপাতালে নতুন করে দুই শিশুসহ মোট ১৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

তিনি চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, শিশু ওয়ার্ডে প্রায় আড়াইশো ভর্তি রোগীর জন্য মাত্র একজন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের বেড সংখ্যা মাত্র ৬০ আর সেখানে রোগী ভর্তি আছে আড়াইশ, বিষয়টি ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হলে রোগীদের আরও উন্নত ও কার্যকর চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকায় থেকে ৩০ হাজার ডোজ হাম-রুবেলা টিকা ভোলার জেলা ভ্যাকসিন স্টোরে পৌঁছেছে। আগামীকাল রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ