ভোলায় কাল বৈশাখীর হানা, ক্ষতির শঙ্কায় চাষীরা


ইয়ামিন হোসেন: ভোলায় বৃষ্টি ও ঝড়ো বাতাসে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এতে বোরো ধান, বাদাম, মুগ ডাল ও সয়াবিন ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত চাষীরা ।
বৃষ্টির কারণে ভোলার জেলার বিভিন্ন চরাঞ্চলে বোরো ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। জমির ধান পানিতে তলিয়ে গেলে চিটা হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া বাদাম ও সয়াবিন গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত পানি নিষ্কাশন না হলে বড় ধরণের ক্ষতির মুখে পড়বে ভোলার কৃষকরা।
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের এর সভাপতি সাহাব উদ্দিন ফরাজী বলেন, কৃষকের স্বপ্ন এখন জমিতে, বাদাম, মুগডাল, সয়াবিন এবং বোরোধান ঘরে তোলার সময়। এ সময়ে অতি বৃষ্টি আতঙ্কের বিষয়। অতি বৃষ্টিতে পানি জমে গেলে বাদাম যেহেতু মাটির নিচে পচে যাবে, মুগডাল, সয়াবিন গাছ মাটির সাথে মিশে যাবে আর ধান সিটা হয়ে যাবে।
ভোলা জেলার (ভারপ্রাপ্ত) কৃষি কমকর্তা ডা. সামিম আহমেদ জানান, এ বৃষ্টিতে মুগডাল, সয়াবিন, বাদাম ও বোরোধান আক্রান্ত হয়েছে। তবে পানি দ্রুত নেমে গেলে বড় ধরনের ক্ষতি হবে না আর যদি জমে থাকে তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে।



