বজ্রপাতে উপজেলা পরিষদের ডাকবাংলোর অংশ ক্ষতিগ্রস্ত


এম এ ইউসুফ আলী রাঙ্গাবালী, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে জেলা পরিষদের চারতলা বিশিষ্ট ডাকবাংলোর ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুর প্রায় দুইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে দেখা যায়, বজ্রপাতের আঘাতে ভবনের ছাদের কোণায় অবস্থিত সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। পাশাপাশি অবশিষ্ট অংশে ফাটল দেখা দিয়েছে এবং ভবনের দুটি থাই গ্লাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা এলজিইডিতে কর্মরত ইমরান মাহমুদ জানান, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেয়ালের একটি অংশ ভেঙে পড়া এবং বাকি অংশে ফাটল দেখতে পান। একই সঙ্গে দুটি গ্লাস ভেঙে যাওয়ার বিষয়টিও তার নজরে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তার জানা আছে। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবনের সার্বিক রক্ষণাবেক্ষণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সকাল থেকেই পুরো উপজেলায় টানা বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতের তীব্র শব্দ শোনা যাচ্ছে। আকাশজুড়ে বজ্রধ্বনির গর্জনে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।



