২২ জেলায় বইছে তাপপ্রবাহ


দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, এটি আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘচুাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ে টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলাসহ রাজশাহী (৮ জেলা) ও খুলনা (১০ জেলা) বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময়ে তাপমাত্রা কমতে পারে। বর্ধিত পাচঁ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।



