মানিকগঞ্জ

বিদ্যুতের অপচয় করে মানিকগঞ্জে মার্কেটে ঝলমলে আলোকসজ্জা

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার বিভিন্ন মার্কেট, শপিংমল ও বিপণিবিতানে চলছে ব্যাপক আলোকসজ্জা। রঙিন বাতি, এলইডি লাইট ও নানান সাজসজ্জায় রাতভর আলোকিত রাখা হচ্ছে অনেক মার্কেট এলাকা। তবে এতে করে বিদ্যুতের ব্যাপক অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের সিদ্দিক খান সুপার মার্কেট, নবীন বিপু মার্কেট, পৌরসভা মার্কেট, ছবেদ টাউওয়ার এ এই আলোকসজ্জা দেখা গেছে।

এছাড়াও জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই ছোট বেশি মার্কেটে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ঝলমলে আলোকসজ্জা দেখা যাচ্ছে। অনেক জায়গায় মার্কেট বন্ধ হওয়ার পরও বাইরের আলোকসজ্জা জ্বালিয়ে রাখা হচ্ছে।

যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে তার অফিসে বিদ্যুৎ ব্যবহার সীমিত করেছে। সেই সাথে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয় আলোকসজ্জা সীমিত রাখার নির্দেশনা দিলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না বলে অভিযোগ স্থানীয়দের।

এতে করে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের কারণে জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট ও বৈশ্বিক অস্থিরতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়েছে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

মানিকগঞ্জ জেলা পল্লীবিদ্যুৎ এর সিনিয়র জেনারেল ম্যানেজার সুলতান নাছিমুল হক বলেন , ঈদকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য এলেও বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া অতিরিক্ত আলোকসজ্জা না করার আহ্বান জানিয়েছি। এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা মিটিং এ এ বিষয় নিয়ে কথা বলব।

শুধু মানিকগঞ্জ নয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদকে সামনে রেখে এই আলোকসজ্জা করা হয়। কিন্তু রাতের বেলা।খুব বেশি মানুষ ক্রেতা না থাকায়, তা দেখার মত কেউ থাকে না। শুধু শুধু বিদ্যুৎ অপচয়। তাই উৎসবের আনন্দের পাশাপাশি জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

এই বিভাগের আরও সংবাদ