মানিকগঞ্জ

ঈদের ব্যস্ত মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার যানবাহন, নীরব বরংগাইল হাইওয়ে থানা পুলিশ

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি : ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও মানিকগঞ্জের সয়ন বরংগাইল হাইওয়ে থানার সামনের মহাসড়কেই অবাধে চলাচল করছে নিষিদ্ধ ৩ চাকার যানবাহন।

২৬ ও ২৭ মে সারাদিন এমন দৃশ্য দেখা যায় বরংগাইল হাইওয়ে থানার সামনের মহাসড়ক সহ মানিকগঞ্জ থেকে আরিচা, পাটুরিয়া যাওয়ার রাস্তায় ।

এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট। তবে বিষয়টি নিয়ে রহস্যজনকভাবে নীরব রয়েছে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, বরংগাইল হাইওয়ে থানার সামনের ব্যস্ত মহাসড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও অন্যান্য ৩ চাকার যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে। ঈদের সময় যাত্রী ও পরিবহনের বাড়তি চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে এসব ধীরগতির যানবাহনের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। পাশাপাশি দ্রুতগতির বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়রা জানান, সরকার ঘোষণা অনুযায়ী মহাসড়কে ৩ চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। অনেক সময় হাইওয়ে থানার সামন দিয়েই এসব যানবাহন চলাচল করলেও পুলিশকে ব্যবস্থা নিতে দেখা যায় না। ফলে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে, কোন অদৃশ্য কারণে নীরব রয়েছে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ।

যাত্রী ও চালকদের অভিযোগ, ঈদের সময় মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করার কথা থাকলেও উল্টো বাড়ছে বিশৃঙ্খলা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয় নিয়ে বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ কে প্রশ্ন করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তারা দোহাই দিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে সচেতন মহল দ্রুত মহাসড়কে অবৈধ ৩ চাকার যানবাহন চলাচল বন্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ