মানিকগঞ্জে অনিয়মের দ্বায়ে দুটি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টির বন্ধ


মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় অপর একটি হাসপাতালকে সতর্ক করা হয়েছে।
২২ জুলাই ( বুধবার) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম না পাওয়া এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
অভিযানে দেখা যায় , জয়রা রোড়ে অবস্থিত আল রাফী জেনারেল হাসপাতালে ২০১৯-২০২০ সালের পর আর কোন লাইসেন্স নবায়ন করা হয় নাই। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী বেঁধে দেওয়া সময়ের মধ্যে বানানো হয়নি লেবার রুম। হাসপাতাল চালু পর থেকে আজ পযন্ত এই হাসপাতাল পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পায়নি, নেই ডিউটি ডাক্তার, নেই ডিপ্লোমা নার্স। তবে এসব অনিয়ম মানতে নারাজ আল রাফি হাসপাতালের পরিচালক সজল মিয়া বরং অভিযানের নেতৃত্ব দেওয়া সিভিল সার্জনের সাথে তর্কে জরান তিনি । এসময় সিভিল সার্জন কে চ্যালেঞ্জ করে বলেন, আল রাফি হাসপাতালের মত নিয়ম মেনে মানিকগঞ্জের কোন হাসপাতাল চলে না।যদি কোন হাসপাতাল চললে তাহলে, তিনি ( সজল – আল রাফি হাসপাতালের পরিচালক) হাতে চুড়ি পড়ে ঘুরবেন।
এর পাশেই অবস্থিত যমুনা জেনারেল হাসপাতালেও লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। এছাড়া পরিদর্শনের সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের অনিয়মও ধরা পড়ে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “মানিকগঞ্জের স্বাস্থ্যসেবাকে জনবান্ধব ও মানসম্মত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



