মানিকগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: দেশব্যাপী শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন( রবিবার ) সকাল ৯টায় মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার জেমস আমিনা টাওয়ারে শামীম সাহেবের বাসভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জেলার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিল উল রশিদ খান, মানিকগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আজিজ।
এছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে , মানিকগঞ্জ জেলার ৭ টি উপজেলায় ১ লক্ষ ৮৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।যা শিশুদের রাতকানা, অপুষ্টিজনিত জটিলতা ও বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
জেলা স্বাস্থ্য বিভাগ, সকল অভিভাবকের প্রতি নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।



