মানিকগঞ্জ

মানিকগঞ্জ-২; নবনির্বাচিত এমপি শান্ত’র জনসাধারণের সাথে মতবিনিময়

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত) নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২০ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী উপজেলার একাধিক ইউনিয়ন ও গ্রামে তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। এ সময় সাধারণ মানুষ তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও এলাকার উন্নয়নসংক্রান্ত সমস্যার কথা নবনির্বাচিত এমপির কাছে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, গালা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাস, গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা লাবলুসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছে, তা রক্ষা করা আমার প্রধান দায়িত্ব। হরিরামপুরসহ পুরো মানিকগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়নে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। নদী শাসন করে হরিরামপুর রক্ষা করা আমার প্রথম দায়িত্ব।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, নবনির্বাচিত এমপির এ জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন ধারা সৃষ্টি হবে।

এই বিভাগের আরও সংবাদ