ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ: ৩ আসনে লড়ছেন ২০ প্রার্থী


জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে তিনটি সংসদীয় আসনে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শীত উপেক্ষা করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন নির্বাচনের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
নির্বাচনী পরিসংখ্যান: জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের ৩টি পৌরসভা ও ৫৪টি ইউনিয়নের এই জেলায় মোট ৪১৭টি ভোটকেন্দ্রের ২ হাজার ৩৩৪টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ২ হাজার ১১৬টি স্থায়ী ও ২১৮টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে।
জেলায় মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ১ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ৬ লাখ ৬ হাজার ৯০৭ জন পুরুষ, ৫ লাখ ৯৪ হাজার ৫৫৯ জন নারী ও ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। গত নির্বাচনের তুলনায় এবার জেলায় ভোটার বেড়েছে ৫৮ হাজার ৫৫০ জন।
আসনভিত্তিক হালচাল: * ঠাকুরগাঁও-১: ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার ৫ লাখ ৪ হাজার ৮৩৮ জন। এই আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে লড়াইয়ে আছেন জামায়াতের মো. দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের ডা. হাফেজ মো. খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁও-২: এই আসনে ১৬টি ইউনিয়নের ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ৩ লাখ ৩৬ হাজার ১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও-৩: ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৪৫৮ জন। এখানে স্বতন্ত্র ও নারী প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিরাপত্তা ব্যবস্থা: নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছেন ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়াও ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ১১ প্লাটুন সেনাবাহিনী, ৩২ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব এবং ৬ হাজারেরও বেশি আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিটি কেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার বক্তব্য: জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা জানান, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা নিরাপদে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।”
বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই ভোটগ্রহণ চলবে বলে জানা গেছে।



