মাদক-ক্যাসিনো মুক্ত ঠাকুরগাঁও গড়তে চান ত্রাণমন্ত্রী


জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলাকে মাদক ও ক্যাসিনোর প্রভাবমুক্ত হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এই লক্ষ্য বাস্তবায়নে মাদক, ক্যাসিনো, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা আহ্বান করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
আসাদুল হাবিব দুলু বলেন, “মাদক বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিরূপ প্রভাবে পারিবারিক ও সামাজিক জীবনেও বিভিন্ন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।” এসব সামাজিক ব্যাধি ও অপরাধ মোকাবিলায় ইতোমধ্যে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা পেলে ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোর প্রভাবমুক্ত একটি সফল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। জেলার অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজ তার স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। ঠাকুরগাঁও জেলা ইতোমধ্যে উন্নয়নের দিক থেকে অনেক দূর এগিয়েছে এবং ভবিষ্যতে এ জেলার আরও ব্যাপক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য চিকিৎসক আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. রফিকুল হক। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় অংশ নেন।


