‘দেশ খালেদা জিয়াকে চায়’ বাগেরহাটে দোয়া মাহফিলে এম এ এইচ সেলিম


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বাগেরহাটের উন্নয়নের রূপকার ও বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি এম এ এইচ সেলিমের উদ্যোগে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
এসময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এম এ এইচ সেলিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতীক। তাঁর সুস্থতা শুধু আমাদের দলের জন্য নয় গণতন্ত্রপ্রিয় প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও তাঁর আদর্শ, তাঁর সাহস, তাঁর ত্যাগ আমাদের পথ দেখিয়ে যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দমন পীড়ন, অবিচার বা কোনো শক্তিই জনগণের ন্যায়সঙ্গত দাবি দমিয়ে রাখতে পারে না। আমরা বিশ্বাস করি, জনতার শক্তিই পরিবর্তনের শক্তি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে আমরা যে দোয়া মাহফিল করেছি, এটি শুধু আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের হৃদয়ের প্রার্থনা, দেশের ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকার। তাঁর সুস্থতা ও দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলনে আরও সংগঠিত, আরও শক্তিশালী ও আরও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাব। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।##



