যশোর

বিদায়ের সুরে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি:বর্ণাঢ্য আয়োজন আর আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানালেন ভক্তরা। ভোর থেকেই মণ্ডপগুলোতে ভিড় জমে ভক্তদের; দেবীর চরণে অঞ্জলি দিয়ে তাঁরা করেন বিজয়ার প্রার্থনা। এরপর ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর শোভাযাত্রায় প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জনস্থলে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মনের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসাকে বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও শান্তির পথে অগ্রসর হওয়া।

এর আগে বিহিত পূজা ও সিঁদুর খেলার উৎসবমুখর মুহূর্তে পূজার দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন মণ্ডপে নারী ভক্তরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এবং পরস্পরের কপালে সিঁদুর পরিয়ে শুভ কামনা জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ শাখার প্রচার সম্পাদক বাবু উত্তম কুমার জানায়, গত বছরের তুলনায় এ বছর দুর্গোৎসব আরও আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেবল ঝিনাইদহ জেলায়ই ৪৫৫টি মণ্ডপে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নির্বিঘ্ন বিসর্জনের জন্য সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

শাস্ত্রীয় মতে, এ বছর দেবী দুর্গা হাতির পিঠে আগমন করেছেন, যা অত্যন্ত শুভ হিসেবে গণ্য হয় এবং বসুন্ধরাকে করে তোলে শস্যশ্যামলা। তবে বিদায়ের পালায় তিনি ফিরে যাচ্ছেন দোলায় চড়ে কৈলাসে।

এই বিভাগের আরও সংবাদ