তুমি ই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাগেরহাটে ছাত্রদলের সেমিনার


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: “তুমি ই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী”এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
তরুণদের পড়াশোনায় মনোযোগী হয়ে নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানানো হয় সেখানে। সোমবার (১ সেপ্টেম্বর) সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেখ আল মামুন। বক্তাদের সারিতে ছিলেন প্রফেসর মো. শুকুর আলী, আল ইমরান, শামিম মুন্সি, জসিম মিনা, মাহিন হাসনাঈন সার্জা, কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখসহ আরও অনেকে। চারপাশে ভরপুর ছিল দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর অবদান তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষার লড়াই থেকে তরুণদের শিখতে হবে দৃঢ়তা আর সাহসিকতা। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য পথ দেখানোর আলোকবর্তিকা।
তাঁরা আরও বলেন, কেবল রাজনৈতিক চেতনা নয়, দেশের ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে, মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। সামাজিকতা, নৈতিকতা আর ধর্মীয় মূল্যবোধের উপর দাঁড়িয়েই তৈরি হবে সঠিক নেতৃত্ব। আজকের ছাত্ররাই যদি সৎ, শিক্ষিত ও দায়িত্ববান হয়ে ওঠে তবে তাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের প্রধানমন্ত্রী।
আলোচনা শেষে তিনজন মনোযোগী শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়।এবং যারা ক্যাম্পাস পরিস্কার করে রাখবে প্রতিমাসে তাদের জন্য পুরস্কার ব্যবস্থা করবে জেলা ছাত্রদল।





