বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রফতানি বন্ধ রয়েছে। আজ রোববার (১১ মে) দিনভর দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল আমদানি রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানান, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রোববার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে ভিসা জটিলতায় যাত্রী যাতায়াতের সংখ্যা কম।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যাওয়ার ব্যবস্থা সচল রাখা হয়েছে।
বন্দর সুত্রে জানাগেছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। আর ভারতে রপ্তানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।





