তেঁতুলিয়ায় স্মার্টফোনের আবদার পূরণ না হওয়ায় কিশোরের আত্মহত্যা


জেলা সংবাদদাতা পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্মার্টফোনের আবদার পূরণ না হওয়ায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার (৭ মে) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াবাড়ি গুচ্ছগ্রামে ঘটে।
নিহত কিশোর ইয়ামিন (১৫) স্থানীয় পাথর শ্রমিক আব্দুল হাকিম ও সকিনা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় ইয়ামিন বেশ কিছুদিন ধরে তার মায়ের কাছে স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। কিন্তু পাথর শ্রমিক মা সকিনা অসচ্ছলতার কারণে তার আবদার পূরণ করতে পারেননি। গেল বুধবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিয়ে পরিবারের সদস্যরা ইয়ামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
মা সকিনা বেগম কাঁদতে কাঁদতে জানান, ছেলে আমার কিছুদিন ধরেই টাচ মোবাইল কেনার জন্য বায়না ধরে। কিন্তু টাচ মোবাইলের তো অনেক দাম এত টাকা কই পাবো। ঠিকঠাক মতো হামরা খাইতেও পারিনা। পাথরের কাজ করি খাই। ঘটনার সময় বাহিরত ছিনো। বাড়িত ওসে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়েই দেখি বন্ধ। জানালা দিয়ে দেখি ঝুলছে মোর মানিক, কাঁদতে কাঁদতে আহাজারি করেন মা ছকিনা।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





