সাহিত্য ও সংস্কৃতি

কবিতা: চেতনার ভোর

চেতনার ভোর
জয়ন্তী হালদার

ওহে চির বিপ্লবী,
ওই যে শুনি তব পদধ্বনি,
মম হৃদয় মাঝে।
চলিয়াছ অবিরাম, নিজ পথে,
চলিয়াছ নিজ কাজে।
প্রাচীন ধারার যত নিয়ম,
তব পদের আঘাতে,
দাও শেষ করে, ধুলার সাথে,
ধূলি হোক ধরাতে।
যে রথ হারায় দিশা, হও
সে রথের রথী।
আলোর পথে চলো, চলো আজি,
জ্বালি সত্যের বাতি।
আজ চেয়ে দেখ, নেমেছে আঁধার,
ধরার বক্ষ ‘পরে।
অনীতিবাদী ভন্ড – তাপসী,
মিথ্যা চেঁচায় ওরে।
রক্ত ফুটিয়া ক্রোধ উথলায়,
না পারি করিতে কিছু,
আশায় আশায় তাই বসে আছি,
ঘুরিয়াছি তব পিছু।
বিপ্লবী তুমি, ভাঙিবে যে দ্বার,
আনিবে ঊষার আলো।
পদাঘাতে তব, নিঃশেষ হবে,
জগতের যত কালো।
আজ চেয়ে দেখি, তরুণ সমাজে,
কত বৃদ্ধের বাসা,
কর্ম বিমুখ, তরুণ – বৃদ্ধ,
দেশের সর্বনাশা।
ঘুমায়ে আছে যে, অচেতন মনে,
চেতনা ও নাহি জাগে,
বাহিরেতে ঝড়, তাহার দোলা,
পালেতেও নাহি লাগে।
আয় বিপ্লবী, ঘুচিয়ে দে সব,
যত অচেতন ঘুম।
দিকে দিকে আজ পড়ি যাক সাড়া,
কর্ম যুগের ধুম।।

এই বিভাগের আরও সংবাদ