পঞ্চগড়

ছেলেকে বিষ খাইয়ে মায়ের বিষপান, একই দিনে দুজনের মৃত্যু

আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ে অনলাইন জুয়া, অভাব-অনটন ও পারিবারিক কলহের কারণে বিষ খাইয়ে ৫ বছরের ছেলেকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন এক মা। দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে মা বিউটি আক্তার (২৮) ও তার ছেলে মুসার (৫)। ঘটনাটি জেলা শহরের নিমনগড় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।

বিউটি আক্তার পঞ্চগড় শহরের নিমনগড় এলাকার বাসিন্দা মতিউর রহমানের স্ত্রী। মতিউর রহমান এক সময় মসজিদের খাদেম এবং পরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় চা বিক্রেতা হিসেবে কাজ করতেন। পারিবারিক সূত্র জানায়, ব্যবসায় বড় ধরনের লোকসান এবং এরপর অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েন মতিউর। এতে সংসারে নেমে আসে চরম অভাব-অনটন। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।

এই বিভাগের আরও সংবাদ

পারিবারিক সূত্রে জানা যায়, ১১ এপ্রিল মতিউর রহমান তার স্ত্রীকে না জানিয়ে শ্বশুরবাড়ি গেলে বিউটির সঙ্গে তার মোবাইলে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, বিউটি তার ছেলে মুসাকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেছেন। তবে বড় মেয়ে মাইশা (১১) পালিয়ে যাওয়ায় সে বেঁচে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, পরে রংপুর মেডিকেলে এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও অর্থাভাবে তা সম্ভব হয়নি।

পরে ১৫ এপ্রিল রাত ২টার দিকে তাদের পুনরায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে ছেলে মুসার মৃত্যু হয়, আর এক ঘণ্টা পর না ফেরার দেশে পাড়ি জমান মা বিউটি আক্তার।

বিউটির বাবা আব্দুল বারেক অভিযোগ করে বলেন, ওদের সংসারে অন্য কোনো সমস্যা ছিল না। মতিউর শুধু জুয়া খেলত, রাতে অনেক সময় বাড়িও ফিরত না। এসব নিয়ে ওদের মধ্যে ঝগড়া হতো।

বিউটির মামা বলেন, ছেলেটি জুয়া খেলে সব শেষ করে ফেলেছে। আগে ভালো ব্যবসা করত। এখন পরিবারটা শেষ করে দিলো।

অন্যদিকে মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সত্যিই কষ্টে ছিলাম। ৩ লাখ টাকা লোকসান করেছি। সংসারে অভাব ছিল, তাই বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম। স্ত্রীর রাগ ছিল একটু বেশি। আমার সঙ্গে বাকবিতণ্ডার পরই সে এমন সিদ্ধান্ত নেয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ