যুবককে গাছে বেঁধে মারপিটের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার


সোহাগ মিয়া ,কটিয়াদী (কিশোরগঞ্জ )প্রতিনিধি : কটিয়াদী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রুহুল আমিন শাকিল, শুখন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
মারপিটে ঘটনায় শুখন মিয়া বাদী হয়ে যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলসহ ৪ জনকে আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলের সাথে প্রতিবেশি শুখন মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল।
রবিবার সকালে শাকিল তার লোকজন নিয়ে শুখন মিয়ার বসত ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ভাংচুর, নগদ টাকা ও মালামাল লুটকরে নিয়ে যায়।
এ সময় শুখন মিয়াকে ধরে নিয়ে বাড়ির পাশে একটি গাছে বেঁধে এলোপাথারি মারপিট করে। শুখনকে তাদের মারপিট থেকে বাঁচাতে তার স্ত্রী নাজমা এগিয়ে আসলে তাকেও মারপিট করে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, বোয়ালিয়া গ্রামের শুখন নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে মারপিটের ঘটনায় রুহুল আমিন শাকিলকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





