শাহজাদপুরে মাত্র ১৬ হাজার টাকার জন্য ব্যবসায়ী রইস উদ্দিনকে হত্যা, আসামীদের জবানবন্দী


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুরে নলুয়া গ্রামের বটতলা এলাকার চাঞ্চল্যকর ব্যবসায়ী রইস উদ্দিনের হত্যা মামলার রহস্য উদঘাটন ও দুই জন হত্যাকারীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের লুন্ঠিত মোবাইল, ট্রাউজার ও লুঙ্গি উদ্ধার করা হয়।
আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃত আসামীরা হলেন, শাহজাদপুর পৌরশহরের নলুয়া বটতলা গ্রামে আজিজ মন্ডলের ছেলে মোঃ মামুন (২৮), এবং জুগ্নীদহ গ্রামের মৃত রানু শেখের ছেলে জয়নাল শেখ (৫০) ।
আটককৃতদের দেওয়া তথ্যে টয়লেট হতে ভিকটিম রইস এর ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, আসামী মামুনের বাড়ি হতে রইসের ট্রাউজার এবং রইসের বাড়ির পাশের ডোবা হতে রক্তমাখা লুংগি ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধারপূর্বক জব্দ করে।
জানা যায়, আসামী মোঃ মামুন ও মোঃ জয়নালকে জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, মামুন পেশায় রাজমিস্ত্রী। জয়নাল ভবঘুরে টাইপের মানুষ। আসামী মামুন ও জয়নাল মাঝে মাঝে ভিকটিম মৃত রইস এর দোকানে বসে আড্ডা দিত। আসামী মামুন, জয়নাল ও ভিকটিম রইস পূর্ব পরিচিত। আসামী মামুন ও জয়নাল এর কাছে টাকা না থাকায় তারা ব্যবসায়ী রইসের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক আসামী মামুন শাহজাদপুর থেকে একটি চাকু ক্রয় করে। এরপর গত (৩ নভেম্বর) রাত ১০ টা থেকে তারা রইস কে অনুসরন করতে শুরু করে।
এদিন রাতে রইস বাড়ি যাওয়ার পরে রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় আসামী মামুন এবং জয়নাল রইসের ভাড়া বাড়িতে গিয়ে রইস কে ডাক দেয়। রইস বাহিরে বের হলে আসামী জয়নাল রইস কে চেপে ধরলে রইস মাটিতে পড়ে যায়। আসামী মামুন রইস কে জবাই করে হত্যা করে এবং রইসের ঘরের তোষকের নিচে থাকা ১৬ হাজার টাকা আসামী মামুন নেয়।
এরপরে রইসের ব্যবহৃত দুইটি মোবাইল এবং রক্ত গামলাতে করে টয়লেটে ফেলে দেয়। মামুনের রক্তমাখা লুংগি এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু বাড়ির পাশে ডোবাতে ফেলে দেয়। এরপর মামুন রইসের লাশ একটি বস্তার মধ্যে ডুকায়ে আসামী জয়নালের সহায়তায় জনৈক শফিকুলের ডোবায় ফেলে দেয়।
এরপর মামুন নিজে ১০ হাজার টাকা নেয় এবং জয়িনাল কে ৬ হাজার টাকা দেয়। এরপর তারা নিজ নিজ বাড়িতে ফেরত গিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে থাকে।





