পঞ্চগড়

বিচারককে জুতা নিক্ষেপের অপরাধে পঞ্চগড়ে এক নারীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

পঞ্চগড় জেলা প্রতিনিধি,আল মাহমুদ দোলনঃ  পঞ্চগড়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারককে জুতা নিক্ষেপের অভিযোগে মোছাঃ মিনারা আক্তার নামের এক নারী আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এই রায় প্রদান করেন বলে আদালতের বেঞ্চ সহকারী (অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন নিশ্চিত করেছেন।

রায়ের পর মিনারা আক্তার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আদালতের হাজতখানায় ছিলেন। এসময় তার চার বছরের সন্তানও তার সাথে হাজতখানায় অবস্থান করছিল। পরিবারের কেউ উপস্থিত না থাকায় একজন আইনজীবীর সহকারী মিনারা আক্তার ও তার সন্তানকে নিয়ে আসেন। আদালতে দণ্ডিত হওয়ার পর মিনারা আক্তার কান্নাকাটি করেন এবং সন্তানের সাথে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, মিনারা আক্তার সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে। গত বছরের ৫ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তার বাবা ইয়াকুব আলী নিহত হন। এ ঘটনায় মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১১ ডিসেম্বর সেই মামলায় আসামিরা জামিন চাইলে বিচারক ১৬ জনকে অন্তবর্তীকালীন জামিন দেন। এতে ক্ষুব্ধ হয়ে মিনারা আক্তার বিচারকের দিকে জুতা নিক্ষেপ করেন। আদালত অবমাননার অভিযোগে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে মিনারা আক্তারের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন।

এই মামলায় আদালত বৃহস্পতিবার মিনারা আক্তারকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ